বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৫:৫১

জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। করোনায় অব্যাহত লকডাউনের মধ্যেও বিধি-নিষেধ মেনে দিনটি উদযাপন করা হয়। 

দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ, মহান মুক্তিসংগ্রামে সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও নীরবতা পালন করা হয়। বিজয় দিবসের বাণীসমূহ পাঠ করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জার্মান আওয়ামী লীগের নেতা মিজানুর হক খান, নুরজাহান খান নুরি ,মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকী রুবেল,ইউনুস আলী খান, জার্মানির নর্দরাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের অনারারী কনসাল হাসনাত মিয়া ও সাংবাদিক বিটু বডুয়া।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাংলার মানুষের মুক্তিই ছিল বঙ্গবন্ধু জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ লক্ষ্য বাস্তবায়নে আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। 

আরো পড়ুন: গুলিস্তানের সুন্দরবন মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসি

বক্তরা বলেন, বিজয়ের মাসে ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হলো। যার অপেক্ষায় স্বপ্ন বুনেছে বাংলার মানুষ। গোটা বিশ্ব দেখতে পাচ্ছে পৃথিবীর ১১তম দীর্ঘ সেতুর মূল কাঠামো। যার মাধ্যমে যুক্ত হলো পদ্মা নদীর দুই পাড়ের মানুষ। এ গর্ব পুরো বাংলাদেশের।প্রধানমন্ত্রীর নেতৃত্বে শত বাধা উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে তৈরি হলো এই স্বপ্নের পদ্মা সেতু। 

দীর্ঘদিনের এই স্বপ্ন পূরণের জন্য বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

ইত্তেফাক/এএএম