অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৮:৪৭

অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিনের শুরুতে বাংলাদেশ হাউসে অত্র হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার চিরঞ্জীব সরকার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। 

জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত বাজানো হয়। পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

পরে বিকালে শুরু হয় দিনের দ্বিতীয় কর্মসূচি। করোনা মহামারীর কারণে কানাডার ১০টি প্রদেশ ও তনিটি টেরিটরির বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগদান করেন। অত্র মিশনের কাউন্সেলর সাখাওয়াৎ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এরপর শুরুতেই বিজয় দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে মিয়া মোঃ মাইনুল কবির, মিনিস্টার, দেওয়ান হোসনে আইয়ুব, মিনিস্টার, মোঃ শাকিল মাহমুদ, কাউন্সিলর, অর্পণা রানী পাল, কাউন্সিলর। 

উন্মুক্ত আলোচনার শুরুতেই ভারপ্রাপ্ত হাইকমিশনার স্বাগত বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্যে তিনি প্রথমেই জাতির জনকসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান । তিনি অনুষ্ঠানে যুক্ত অতিথিদের ধন্যবাদ প্রদান করে উল্লেখ করেন যে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান। 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আজিজুর রহমান প্রিন্স, আহসান হাবিব, গোলাম কিবরিয়া, ওমর সেলিম, কবির চৌধুরী, বাহাউদ্দিন শিশির, ড. নুরুল হক, মমতা দত্ত, রিয়াজুল হক, লিটন মাসুদ, ফাইজুল করিম, হাসানুজ্জামান, মুস্তাফা কামাল, আব্দুস সালাম,  ড. শফি ভুঁইয়া, মনির হোসেন, তাজুল রিয়াদ, গোলাম মহিবুর রহমান, শহিদুল ইসলাম, সোহেল হাওলাদার কবি আহাদ চৌধুরী, মিসেস রাশেদা নেওয়াজ, সেলিম জুবেরী, সাদেরা সুজন, মাসুদ সিদ্দিকী, এস এম এ রানা, জাকির হোসেন প্রমুখ। 

ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করে নবনিযুক্ত হাইকমিশনার ড. খলিলুর রহমান তার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে জীবন দানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 

হাইকমিশনার বলেন,  মহান বিজয় দিবস বাঙালি জাতির জন্য উৎসব ও গর্বের একটি দিন। আজ এই আনন্দের দিনে তিনি সকলকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিতে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান। পরিশেষে তিনি মহান বিজয় দিবসে সকলে মিলে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে যার যার অবস্থান থেকে একসাথে কাজ করার আহ্বান জানান। 

 

ইত্তেফাক/ইউবি