জাবির তিন শিক্ষার্থী সাময়িক বহিস্কার

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এই তথ্য নিশ্চিত করেন।

প্রক্টর বলেন, 'শুক্রবার  বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় বহিষ্কারাদেশটি দেওয়া হয়েছে। এছাড়া অধিকতর তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে'। সাময়িক বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী হলেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রিজওয়ান রাশেদ সোহান, প্রত্নতত্ত্ব বিভাগের মাহিদ ও মার্কেটিং বিভাগের আহসানুজ্জামান শাওন। তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের আবাসিক ছাত্র। 

আরও পড়ুন:  আমাদের দূতাবাসগুলোকে আরও অভিবাসী বান্ধব হতে হবে: পরিকল্পনামন্ত্রী

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় খাবার খেয়ে হলে ফেরার পথে অভিযুক্তরাসহ কয়েকজন মিলে অর্থনীতি বিভাগের ৮ শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে এক মেয়ে শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়।এ ঘটনায় পরদিন অভিযুক্তদের শাস্তি চেয়ে প্রক্টর বরাবর অভিযোগ দেয় মারধরের শিকার শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতেই তাদের  সাময়িক বহিষ্কার করা হয়। 

ইত্তেফাক/জেডএইচডি