বিয়ের অনুষ্ঠানে নিহতের ঘটনায় মামলা, ৯ জন কারাগারে 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২০:০৪

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদী গ্রামে বৌভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেয়াকে কেন্দ্র করে অসন্তোষ, এরই জের ধরে দুই পক্ষের সংঘর্ষে বরের চাচা নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। 

বুধবার (৬ জানুয়ারি) সকালে নিহতের ছেলে সুরুজ মীর বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এই মামলা দায়ের করেন।  ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে ৯ আসামিকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ।  আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন নগরীর বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম। 

পুলিশ জানায়, গত রবিবার দক্ষিণ রফিয়াদি গ্রামের সজীব মীর বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার রুনা বেগমকে বিয়ে করেন। ঐদিন রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নেয়া হয়।  গত মঙ্গলবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে কনে পক্ষের ৪৮ জন অতিথি অংশগ্রহণ করে।  খাবারের এক পর্যায়ে মাংস কম দেয়াকে কেন্দ্র করে কনে পক্ষের অতিথিদের সাথে বর পক্ষের লোকজনের বাদানুবাদ হয়। 

আরো পড়ুনঃ বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান: নিক্সন চৌধুরী

এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। দুই পক্ষের হামলা সংঘর্ষের মধ্যে পড়ে আঘাত লেগে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার পরপরই স্থানীয়রা কনে পক্ষের ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।  জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্য থেকে ৩ জনকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলের দায়ের করা মামলায় ঐ ৯ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়। 

এদিকে বুধবার দুপুরে বরিশাল মর্গে ময়নাতদন্ত শেষে আজাহার মীরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম। 

ইত্তেফাক/এমএএম