ইরানের রেভল্যুশনারি গার্ড হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনা নিয়ে দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জাহাজটিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজ আটকের বিষয়ে কথা বলতে হরমুজ প্রণালীতে মোতায়েন সেনা সদস্যদের একটি প্রতিনিধি দল ইরানে গেছে।
অন্যদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড বলছে, তারা বিশজন ক্রুসহ হানকুক চেমি নামের জাহাজটিকে, পরিবেশ আইন লংঘন করার অভিযোগে সোমবার ওমান উপকূলের কাছ থেকে আটক করে।
তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজটির রাসায়নিক পারস্য উপসাগরের পানি দূষিত করছিল। তবে দক্ষিণ কোরিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার জল-দস্যু মোকাবেলা ইউনিটের সদস্যদের নিয়ে চই ইয়ং নামে একটি ডেস্ট্রয়ার রণতরী হরমুজ প্রণালীর কাছাকাছি গিয়ে পৌঁছেছে।
হরমুজ প্রণালীর এই এলাকা সামরিক কৌশলগত দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ একটি এলাকা। বিবিসি
ইত্তেফাক/এসআর
