আবার শুরু মার্কিন কংগ্রেস অধিবেশন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৪:১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে ট্রাম্প সমর্থকরা হামলা চালানোর পর কংগ্রেসে ফের অধিবেশন শুরু করেছেন আইনপ্রণেতারা। জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক অনুমোদন দিতেই এই অধিবেশন চলছে। খবর ডয়েচে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ১২টার পর শুরু হয় এই অধিবেশন। সেখানে রিপাবলিকানদের দ্বারা পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের নির্বাচনের ফলাফল পরিবর্তনের প্রস্তাব বাতিল করেছে সিনেট।

এর আগে গত ৩ জানুয়ারি টেড ক্রুজের নেতৃত্বে একদল রিপাবলিকান সিনেটর জানিয়েছিলেন, নির্বাচনে ভোট জালিয়াতির তদন্ত না হলে জো বাইডেনের জয়ের পক্ষে তারা ভোট দেবেন না।

বুধবার রাতে সিনেটে অধিবেশন পুনরায় শুরু হওয়ার পর মাইক পেন্স বলেন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে আজকের দিনটি একটি কালো দিন হিসেবে উল্লেখ থাকবে।

তিনি বলেন, সহিংসতা কখনো জয়ী হয় না। বরং স্বাধীনতা জয়ী হয় এবং ক্যাপিটল ভবন এখনো জনগণের কক্ষ। আমরা যেহেতু আবার এই চেম্বার শুরু করছি, বিশ্ব আবার একবার দেখবে, অভূতপূর্ব সহিংসতা এবং ভাঙচুরের মধ্যেও আমাদের গণতন্ত্রের দৃঢ়তা ও শক্তি কতটা মজবুত। যুক্তরাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধিরা এতকিছুর মধ্যে আবার একত্রিত হয়েছেন।

বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য দেশটির আইন প্রণেতারা যখন অধিবেশনে বসেছিলেন এসময় ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটলে ঢুকে পড়ে।

এসময় বিক্ষোভকারীরা ক্যাপিটল ভবনের দরজা জানালায় ভাংচুর চালায়। কয়েক ঘণ্টা ধরে একপ্রকার ক্যাপিটল দখল করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ ক্যাপিটল ভবনে জারি করে লকডাউন। তবে শেষমেশ বিক্ষোভকারীদের হটাতে সক্ষম হয় পুলিশ।

ওয়াশিংটনের পুলিশ প্রধান রবার্ট কন্টি বলেন, নিহতদের মধ্যে একজন নারী আছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গুলি করলে তিনি মারা যান। বাকি ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি জানান, তারা ৫২ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছেন। তাদের মধ্য ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে কারফিউ ভঙ্গের অভিযোগে।

ইত্তেফাক/টিআর