দ্যা আর্থ সোসাইটির আয়োজনে এবং ডাইভারসিটি ফর পিস ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিস নেটওয়ার্কের সর্বশেষ আয়োজন 'অনলাইন পিস উইক'। আগামী ১০ থেকে ১৮ ই জানুয়ারি সপ্তাহব্যাপী এ পিস উইকের মূল উদ্দেশ্য, পিস অ্যাম্বাসেডরসহ দেশের সকল যুবককে তাদের নিজ নিজ সম্প্রদায়ে শান্তির এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপের প্রচারক হিসাবে একত্রিত করা।
এর মাধ্যমে আমাদের সমাজে বৈচিত্র্যময় সম্প্রদায়ের নানা প্রতিবন্ধকতা সম্পর্কে সমাজের সর্বস্তরের মানুষের মতামত গ্রহণ ও সেসকল মতামত থেকে প্রদানকৃত সমাধানগুলো কিভাবে যথাযথ উপায়ে বাস্তবায়ন করা যায় সে বিষয় গুলো ও তুলে ধরা হবে।
আমাদের সমাজে বৈচিত্র্যময় সম্প্রদায়ের নানা দিক তুলে ধরতে অনলাইন পিস উইকে থাকছে, অনলাইন ফটো কনটেস্ট, অনলাইন ভিডিও কনটেস্ট, ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন, অনলাইন পিস কনফারেন্স এবং ওয়েবিনার। পিস উইকের প্রথম দিন, ফটো কনটেস্টের মাধ্যমে যুবকরা মূলত কোভিড-১৯ সময়ে আমাদের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে শান্তি ও সম্প্রীতি নিশ্চিতকরণের যে বিভিন্ন দৃষ্টান্ত রয়েছে সেগুলো তুলে ধরবে। দ্বিতীয় দিন, অনলাইন ভিডিও কনটেস্টের মাধ্যমে যুবকরা আমাদের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জন্য নানা সময়ে নানা ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান যে এগিয়ে এসেছে সেটিই মূলত তুলে ধরবে । তৃতীয় দিন , যুবকরা মূলত আমাদের বর্তমান সমাজে চলমান নানা বিদ্বেষজনক বক্তব্য রোধ করে কিভাবে বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে শান্তি ও সহিষ্ণুতা বজায় রাখা যায় সে উদ্দেশ্যে ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন কনটেস্টে অংশগ্রহণ করবে।
চতুর্থ দিন , অংশগ্রহণকৃত সকল যুবকদেরকে নিয়ে সারাদিনব্যাপী একটি অনলাইন পিস কনফারেন্সের আয়োজন করা হবে । উক্ত কনফারেন্সে বাংলাদেশের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা যায় সে সকল বিষয়ে আলোচনা করা হবে। এ সময় উপস্থিত যুবকরা পানেলিস্টদের গৃহীত বক্তব্য ও নিজেদের মাঝে আলোচনার মাধ্যমে আমাদের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জন্য কিভাবে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করা যায় সে উদ্দেশ্যে নানা সমাধান উত্থাপন করবেন। যুবকরা শান্তি ও সম্প্রীতি তৈরিতে একটি জরিপে অংশগ্রহণের মাধ্যমে পিস কনফারেন্সটি সমাপ্ত করবেন।
পিস কনফারেন্সের পর দুইদিনব্যাপী একটি অনলাইন এক্সিবিসন অনুষ্ঠিত হবে যেখানে অনলাইন পিস উইকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের পাঠানো ফটো, ভিডিও এবং ক্রিয়েটিভ পোস্টার প্রদর্শন করা হবে। দ্যা আর্থ সোসাইটি দ্বারা গঠিত বিচারকমণ্ডলী এবং দর্শকদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে প্রতিটি ক্যাটাগরিতে প্রথম তিনজনকে বিশেষ সনদপত্র প্রদান করা হবে।
সর্বশেষ, পঞ্চম দিনে অনলাইন ওয়েবিনারের আয়োজন করা হবে যেখানে ফটো কনটেস্ট, ভিডিও কনটেস্ট এবং ক্রিয়েটিভ পোস্টার ডিজাইনের বিজয়ীদের কাছ থেকে তাঁদের অভিজ্ঞতা এবং তাঁদের ফটো, পোস্টার ডিজাইন ও ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। অনলাইন পিস উইকে অংশগ্রহণকারী প্রত্যেককেই দ্যা আর্থ সোসাইটি এবং ডাইভারসিটি ফর পিস ও ইউএনডিপি বাংলাদেশের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।
ইত্তেফাক/জেডএইচডি
