‘নির্বাচিত প্রতিনিধিদের হত্যার উদ্দেশ্য ছিল ট্রাম্প সমর্থকদের’

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১০:০৫

মার্কিন কংগ্রেসের ভবন ক্যাপিটলে ট্রাম্পসমর্থক ও কট্টর ডানপন্থিদের গত ৬ জানুয়ারি হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ফেডারেল প্রসিকিউটররা আদালতে দেওয়া এক নথিতে বলেছে, হামলাকারীদের উদ্দেশ্য ছিল ক্যাপিটল ভবন দখলে নেওয়া এবং নির্বাচিত কর্মকর্তাদের ওপর গুপ্তহত্যা চালানো। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিজোনার বিচার বিভাগের আইনজীবীদের লেখা নথিতে দাঙ্গাকারী জ্যাকব চ্যান্সলিকে এফবিআইর জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধরা হয়েছে। 

এতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের উদ্দেশ্য ছিল ক্যাপিটল দখলে নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের নির্বাচিত কর্মকর্তাদের হত্যা করা।  চ্যান্সলিকে গতকালই আদালতে তোলার কথা ছিল। 

ক্যাপিটল ভবনে হামলায় ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।  এছাড়া  ক্যাপিটলে বিদ্রোহে উসকানির দায়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করা হয়েছে।  বিদ্রোহে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের ভূমিকাও তদন্ত করছেন প্রসিকিউটররা।

এদিকে ক্যাপিটল ভবনে হামলার পর ট্রাম্পর্কে অভিশংসন নিয়ে রিপাবলিকান পার্টিতে বড় বিভক্তি দেখা দিয়েছে।

প্রতিনিধি পরিষদে ১০ জন রিপাবলিকান কংগ্রেসম্যান ট্রাম্পকে অভিশংসনে ভোট দিয়েছেন।  তাদের মধ্যে রয়েছেন কংগ্রেসওম্যান লিজ চেনি। ভোটদানের পর তাকে রিপাবলিকান পার্টির নেতৃত্ব ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। একই সঙ্গে হুমকিও পাচ্ছেন তিনি। অন্য আইনপ্রণেতারাও নিজ দলেই চাপের মুখে রয়েছেন। মিশিগানের রিপাবলিকান আইনপ্রণেতা পিটার মেইজার বলেছেন, আমাদের কেউ হত্যা করার চেষ্টাও করতে পারে।

ইত্তেফাক/এসআর