বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনেও ভোটকেন্দ্র ক্ষমতাসীনদের দখলেই রয়েছে। শুধু তাই নয়, বিএনপির সমর্থকদের ভোটকেন্দ্রের কাছেই ঘেঁষতে দেওয়া হয়নি। আজকের পৌরসভার নির্বাচনেও ক্ষমতাসীনরা সকাল থেকেই আমাদের এজেন্টদের সেন্টারে যেতে দেয়নি, অনেক জায়গায় বের করে দিয়েছে। এমনকি বিএনপি সমর্থকদের ভোটকেন্দ্রের কাছেও যেতে দেয়নি তারা। তিনি বলেন, ক্ষমতাসীন দল প্রশাসনের সমর্থন নিয়ে গায়ের জোরে ভোটকেন্দ্র দখল করেছে। জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও ভোট ডাকাতি হয়েছে। দলীয় প্রার্থীদের এমপি বানানোর জন্য তারা যে কাজ করেছে, মেয়র হওয়ার জন্যও একই কাজ করছে।
গতকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে সম্মাননাবিষয়ক উপকমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভোটকেন্দ্রের অবস্থা যে কী, তা নিয়ে আওয়ামী লীগের নেতারা কিছু কিছু মুখ খুলতে শুরু করেছে। আমি আর বলতে চাই না। ইভিএমে ভোটগ্রহণের বিরোধিতা করে খন্দকার মোশাররফ বলেন, এমনিতেই মানুষ ভোট দিতে পারে না, এখন আবার মেশিনে ভোট। এই মেশিনে ভোটে দুরভিসন্ধি আছে।
শাহজাহান ওমর বীরউত্তমের সভাপতিত্বে এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ?মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা শাহ মো. আবু জাফর উপস্থিত ছিলেন।
