যমুনা নদীর উপর দিয়ে বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতু এবং ঈশ্বরদী-জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইনের কাজ শেষ হলেই ঈশ্বরদী থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালু করা হবে। রেলওয়েতে লোকবল সংকট আছে। পর্যায়ক্রমে এগুলো পূরণ করা হবে। আজ শুক্রবার(৩০ জানুয়ারি) রেলের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে ঢাকা থেকে খুলনা-মংলা বন্দর প্রকল্পে যাওয়ার পথে ঈশ্বরদী স্টেশনে বিরতিকালে সাংবাদিকদের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এ কথা বলেছে।
মন্ত্রী বলেন, উত্তর ও পশ্চিমাঞ্চলের সমস্ত ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে ঢাকা যায়। প্রতিদিন বিয়াল্লিশটি ট্রেন বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল করে। লাইন সিঙ্গেল হওয়ায় এবং দ্বিতীয় রেলসেতু না থাকায় বর্তমানে বঙ্গবন্ধু সেতুর উপর লোড বেশি পড়ছে। যমুনা নদীর ওপর দ্বিতীয় রেলসেতু নির্মাণ কাজ শেষ হলে নতুন ট্রেনের চাহিদা কিছুটা পূরণ করা সম্ভব হবে।
আরও পড়ুন: জয়পুরহাটে আখ মাড়াই বন্ধ, চিনি উৎপাদন ব্যাহতের আশঙ্কা
এ সময় রেলমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, অতিরিক্ত মহা-পরিচালক (অপারেশন) সরদার শাহাদাৎ আলী, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসউদূর রহমান প্রমুখ।
ইত্তেফাক/এনএ
