গত বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা নেওয়ার সুযোগ পায়নি শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার পরিবর্তে পরীক্ষার্থীদের এসএসসি ও সমমানের ৭৫ শতাংশ এবং জেএসসি ও সমমানের ২৫ শতাংশ গড় ফলের ভিত্তিতে মূল্যায়ন করে এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
করোনাকালে দীর্ঘদিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। তাই তো হলে বসে পরীক্ষা দেওয়া হয়নি দেশের ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর। ফলে পরীক্ষা ছাড়াই এইচএসসির ফলাফল দেওয়া এবং ডিজিটালি ফল প্রকাশের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। তবে পরীক্ষা অনুষ্ঠিত না হলেও শিক্ষার্থীরা ফরম পূরণ করেছিলেন আগেই। ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দিয়েছেন, ‘ফরম পূরণের সময় জমা দেয়া অর্থের কিছু অংশ ফেরত পাবেন শিক্ষার্থীরা। যেহেতু পরীক্ষা হয়নি তাই কিছু টাকা ফেরত দেওয়া হবে।’
আরও পড়ুন: শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয়, তাই এভাবে ফল: প্রধানমন্ত্রী
তিনি বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আদায় করা অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই। আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, দক্ষতা অর্জন করবে, তারা সঠিক মনোভাব নিয়ে গড়ে উঠবে এটাই প্রত্যাশা। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান জানান। মোবাইলে রেজিস্ট্রেশন বা নেটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফল পেয়ে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হয়ে কোনো রকম স্বাস্থ্যঝুঁকি নেবেন না।
ইত্তেফাক/এসআই
