পরীক্ষায় সবাই পাস, তবুও নেই উল্লাস

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৯:০৪

প্রতি বছর এইচএসসির ফল ঘোষণার পর রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উল্লাস থাকলেও এবার তার ভিন্ন চিত্র দেখা গেছে।

ফল ঘোষণার পর রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, মতিঝিল আইডিয়ালসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা শূন্য।

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের ফল জানার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া ঘরে বসেই শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে মূল্যায়নের ফল জানতে পেরেছে।

শিক্ষার্থী শূন্য সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। ছবি :  ইত্তেফাক

 

রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে দেখা গেছে শিক্ষার্থীরা শূন্য। ফলাফলের হাতে পেয়ে প্রতি বছর যে আনন্দ উল্লাসে মেতে উঠতো শিক্ষার্থীরা, এবার তার কিছুই দেখা যায়নি। কলেজের প্রধান গেটের নিরাপত্তা কর্মী শ্যামল কস্তা চেয়ারে বসে অলস সময় কাটাচ্ছেন। তিনি দৈনিক ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘প্রতি বছরে ফলাফল হাতে পেয়ে  আনন্দে শিক্ষার্থীরা হৈচৈ করতো। আমরা খুব ব্যস্ত থাকতাম। এবার শিক্ষামন্ত্রীর অনুরোধ এবং করোনা ভাইরাসের কারণে কেউ কলেজে আসেনি। আমরাও অলস সময় কাটাচ্ছি।’

শিক্ষার্থী শূন্য মতিঝিল আইডিয়াল কলেজ। ছবি :  ইত্তেফাক

হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক ইন্দ্রজিৎ দত্ত দৈনিক ইত্তেফাক অনলাইনকে বলেন, করোনার জন্য সরকারিভাবে নিষেধ থাকায় কলেজে শিক্ষার্থীদের জমায়েত হওয়ার কোনো সুযোগ নেই। ফলাফল সবাই মোবাইল এসএসএম ও অনলাইনের মাধ্যমে পেয়ে যাচ্ছে।

শিক্ষার্থী শূন্য হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ। ছবি: ইত্তেফাক

এদিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দেখা মিললো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোহামা রুয়েত অধরার। এ শিক্ষার্থী বলেন, ‘এ বছর অন্যান্যদের মতো আমাদের তেমন আনন্দ উল্লাস নেই। পরীক্ষা ছাড়া আমি জিপিএ-৫ পেয়েছি। আমি মনে করছি না আমার মেধাকে যথাযত মূল্যায়ন করা হয়েছে।’

 

ইত্তেফাক/ইউবি