প্রথমবারের মতো মঙ্গলের ছবি পাঠাল চীনা মহাকাশযান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৮

চীনের মহাকাশযান তিয়ানওয়েন-১ প্রথমবারের মতো মঙ্গলগ্রহের ছবি পাঠাতে সক্ষম হয়েছে। মঙ্গলের কক্ষপথের বেশ কিছুটা দূর থেকে গ্রহটির গুরুত্বপূর্ণ দুটি এলাকার ছবি পাঠিয়েছে এটি। মাসখানেক আগে তোলা ছবিগুলো শুক্রবার প্রকাশ করেছে চীনা জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছরের জুলাইয়ে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে চীনা যান তিয়ানওয়েন-১। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, তিয়ানওয়েন-১ এখন মঙ্গলের কক্ষপথ থেকে ১১ লাখ কিলোমিটার দূরে রয়েছে। একটি ল্যান্ডার ও একটি রোভার নিয়ে পাঁচ টন ওজনের এ মহাকাশযান আগামী ১০ ফেব্রুয়ারি লাল গ্রহের কক্ষপথে ঢুকে পড়বে। আর আগামী মে মাসে এটি পৌঁছে যাবে গ্রহের ‘ইউটোপিয়া’ এলাকায়।

চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)’ জানিয়েছে, তাদের পাঠানো মহাকাশযান ‘তিয়ানওয়েন-১’ লাল গ্রহের কক্ষপথের ২২ লাখ কিলোমিটার দূরত্ব থেকে মঙ্গলের ভূপৃষ্ঠের ‘স্কিয়াপ্যারেল্লি ক্রেটার’ (সুবিশাল গর্ত) আর গিরিখাতে ভরা এলাকা ‘ভ্যালেস মারিনেরিস’-এর বেশ কিছু ছবি পাঠিয়েছে।