গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ২ আরোহীর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০০

মানিকগঞ্জের হরিরামপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে মানিকগঞ্জ-ঝিটকা সড়কের কৌড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গালা গ্রামের মৃত জসিম মোল্লার ছেলে জহিরুল ইসলাম (২৩) ও ইউনুস আলীর ছেলে শাহ আলম (২২)।

হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী বলেন, ‌‘বিদেশ ফেরত জহিরুল ও অটোচালক শাহ আলম মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। দ্রুত গতির কারণে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ইত্তেফাক/কেকে