বগুড়া বিএনপি সভাপতির সঙ্গে বিতণ্ডায় ফখরুল

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৩:৫৯

বিএনপি মহাসচিব ও বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের বাকবিতণ্ডা হয়েছে। এক পর্যায়ে মেজাজ হারান বিএনপি মহাসচিব। তিনি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার চেপে ধরেন।

গতকাল বুধবার দুপুর একটায় বগুড়া শহরতলী ঠেঙ্গামারায় অবস্থিত হোটেল মম ইন-এর লিফটে এই ঘটনা ঘটে। তবে সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন কলার চেপে ধরার কথা অস্বীকার করেন। জয়নাল আবেদীন চাঁন বাকবিতণ্ডার কথা স্বীকার করে বলেন, মহাসচিব জেলা বিএনপি সভাপতির কলার ধরেননি। বিষয়টি তেমন কিছু নয়।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে ঢাকায় যাওয়ার পথে তিনি বগুড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে চেয়েছিলেন। সেভাবে ব্যবস্থা নিতে বলেন বগুড়ার নেতাদের। বিষয়টি নিয়ে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের আলোচনা করা হয়। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় মতবিনিময় সভায় উপস্থিত হন মির্জা ফখরুল।

দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মতবিনিময় সভার মঞ্চে যাওয়ার আগে হোটেলের লিফটে মহাসচিবকে নিয়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, খালেদা জিয়ার উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ কয়েকজন নেতা হোটেলের ৮ম তলা থেকে ৭ম তলায় নামছিলেন। এ সময় স্থানীয় নেতাদের জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, এখানে মিটিং হবে তা আমাকে আগে বলা হয়নি কেন? এ নিয়ে জয়নাল আবেদীনের বাকবিতণ্ডা শুরু হলে মহাসচিব সাইফুলকে বলেন, এখানে প্রেসের লোকজন আছে, তোমরা এমন করছো কেন। এক পর্যায়ে মহাসচিব সাইফুলের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। অন্য নেতারা তখন বিষয়টি নিয়ন্ত্রণে আনেন।

পরে বিএনপির মহাসচিব লিফট থেকে নেমে কনফারেন্স রুমে গিয়ে প্রধান অতিথির আসনে বসেন। সাইফুল ইসলামও মহাসচিবের পাশের চেয়ারে বসে স্বাগত বক্তব্য দেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, হোটেলের লিফটে তেমন কিছুই ঘটেনি। মহাসচিবের গতকালের কর্মসূচির ব্যাপারে আমার সঙ্গে আগে থেকে কেন কোনো কথা বলা হয়নি সে বিষয়টি জেলা কমিটির সম্পাদক জয়নাল আবেদীনের কাছে জানতে চেয়েছিলাম। সে সময় দলীয় মহাসচিব আমাকে থামিয়ে দিয়ে বলেন, সাইফুল তুমি থাম তো। এর বেশি কিছু নয়।

আরও পড়ুন: মাছ মাংসে বিষ প্রমাণ মিলেছে

জেলা বিএনপির সম্পাদক জয়নাল আবেদীন বলেন, হোটেলের লিফটে সাইফুল ইসলাম আমাকে আক্রমণ করে কথা বলেন। মহাসচিব তাকে থামানোর চেষ্টা করেন। মহাসচিব তার কলার চেপে ধরেননি।

ইত্তেফাক/আরকেজি