ফটিকছড়িতে নৃশংস খুনের ঘটনায় চট্টগ্রামের আদালতে ৯ জনকে মৃত্যুদণ্ড

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:৫০

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রায় দেড় যুগ আগে শত্রুতাবশত এক জনকে গলা কেটে হত্যার মামলায় ৯ আসামিকে মৃত্য্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা দেওয়ারও আদেশ দিয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার এ রায় দিয়েছেন। দণ্ডিত আসামিরা হলেন শাহীন, বাবুল, ল্যাডা নাছির, নুরুল ইসলাম, মো. জোবায়ের, দিদার, আবুবক্কর বাঁশি, ইসমাইল ও মো. জংগু। এদের মধ্যে শাহীন ছাড়া বাকি সবাই পলাতক আছেন।

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১ নভেম্বর ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের নেছার আহমেদ প্রকাশ তোতাকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়। এ ঘটনায় পরদিন তার স্ত্রী মোর্শেদা আক্তার বাদী হয়ে ফটিকছড়ি থানায় আট জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, নেছার আহমেদ দুবাই প্রবাসী ছিলেন। ভিসা-সংক্রান্ত জটিলতায় জেল খেটে ২০০৩ সালে তিনি দেশে ফেরত আসেন এবং আর প্রবাসে যেতে পারেননি। একই গ্রামের জনৈক এজাহার মিয়ার কাছে তিনি ৪ হাজার টাকা পেতেন। বারবার ধরনা দিয়েও সেই টাকা উদ্ধার করতে পারেননি নেছার। তার সঙ্গে এলাকার সন্ত্রাসী ল্যাডা নাছির ও তার সহযোগীদের শত্রুতা ছিল। ল্যাডা নাছির কৌশলে সেই টাকা উদ্ধারের কথা বলে প্রতিশোধ নেওয়ার সুযোগ তৈরি করে। নেছার তার কথায় বিশ্বাস স্থাপন করেন। ২০০৩ সালের ১ নভেম্বর বিকালে এজাহারের কাছ থেকে টাকা উদ্ধারের কথা বলে নেছারকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরদিন সকাল সাড়ে ৮টার দিকে নেছারের স্ত্রী মোর্শেদা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামে একটি পাহাড়ের পাদদেশে সড়কের ওপর তার স্বামীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।