মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগের জন্য বিদ্যমান সমঝোতা স্মারকটি সংশোধনে প্রটোকল চূড়ান্তকরণে সহযোগিতা কামনা করেছেন দেশটি নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানানের সঙ্গে এক বৈঠকে এ সহযোগিতা কামনা করেন হাইকমিশনার। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপ-হাইকমিশনার, কাউন্সিলর (শ্রম) ও শ্রম শাখার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধকরণে চলমান রিক্যালিব্রেশন কর্মসূচি, বিদেশি কর্মীদের উন্নতর আবাসস্থল নিশ্চিত করা, কোভিড ভ্যাক্সিন প্রদান এবং কোভিড পূর্ববর্তী সময়ে ছুটিতে বাংলাদেশে গিয়ে ফিরে আসতে না পারা কর্মীদের ফেরত আনা প্রসঙ্গে আলোচনা হয়েছে।
আলোচনায় মন্ত্রী বিদেশি শ্রমিকদের কল্যাণের বিষয়ে দেশটির সরকার কর্তৃক গৃহীত নানাবিধ পদক্ষেপ গ্রহণের বিষয়ে হাইকমিশনারকে আশ্বস্ত করেন।
ইত্তেফাক/এএএম
