কুমিল্লায় মহাসড়কে যাত্রীবাহী বাসে বিস্ফোরণ, শিশুসহ নিহত ২

আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:১৯

কুমিল্লায় যাত্রীবাহী একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে এক শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম। ঘটনাস্থলে মহাসড়কের দুইদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিহত শিশু শাফিন (৫), দাউদকান্দির গনুয়াকান্দি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের সন্তান। আরেক নিহত রফিকুল ইসলাম (৭০), পিতা: মৃত আহমদ উল্লাহ। রফিকুলের বাড়ি দাউদকান্দির তিনপাড়া গ্রামে।


 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চাঁদপুরের মতলব অভিমুখি মতলব এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে পৌঁছে। সেখানে আসার পর হঠাৎ করে বিকট শব্দে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় যাত্রীবাহী ওই বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন এক শিশু ও বয়স্ক একজনসহ দুইজনের দগ্ধ লাশ বাসটি থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন জানান, আকস্মিকভাবে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত যাত্রীরা প্রাণ বাঁচাতে বাসের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করে। আহতদের আর্তনাদে আশপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। এসময় ঘটনাস্থলে মহাসড়কের দুইপাশে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ঘটনাস্থলে আসেন এবং লোকজন নিয়ে উদ্ধার কাজে সহায়তা করেন। এ দুর্ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। 

দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গুরুতর আহতদের মধ্যে দগ্ধ ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে, ৫ জনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। রাতে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেয়। এ পর্যন্ত ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

ইত্তেফাক/এসসিএস