নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) প্রথম অক্সিলারি লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি সৈয়দ এনায়েত আলী। তিনি নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি অফিসারদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) করেসপন্ডিং সেক্রেটারি।
সৈয়দ এনায়েত আলী বাংলাদেশ জাতীয় বক্সিংয়ের প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং দক্ষিণ এশিয়ান গেমসের রানার আপ বক্সার। তিনি ১৯৮৮ সালের বডিবিল্ডিংয়ে হেভিওয়েট মিস্টার বাংলাদেশ হিসাবে ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে যান। তার গ্রামের বাড়ি বৃহত্তর খুলনায়।
২০০২ সালে নিউইয়র্ক পুলিশের অক্সিলারি অফিসার হিসাবে যোগদান করেন সৈয়দ এনায়েত আলী। ২০০৯ সালে তিনি প্রথম অক্সিলারি সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান এবং ৯ মার্চ লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি লাভ করেন।
বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জানান, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ১৯৫০ সালে অক্সিলারি বিভাগ গঠন করে। এটি মূলত স্বেচ্ছা সার্ভিস। প্রায় ১০০ জন বাংলাদেশি স্বেচ্ছা সার্ভিস করছেন কমিউনিটিকে সাহায্য করার জন্য। কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয় বরং কমিউনিটিকে সাহায্যের উদ্দেশ্যে এই সকল বাংলাদেশিরা কাজ করে যাচ্ছেন। তারা অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে চলেছেন।
সৈয়দ এনায়েত আলী বর্তমানে নিউইয়র্কের কুইন্স নর্থের ১১৪ নম্বর পুলিশ প্রিসিঙ্কটে (থানা) কর্মরত রয়েছেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) প্রেসিডেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাপ্টেন কারাম চৌধুরী এই প্রিসিঙ্কটের নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রায় ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, সার্জেন্টসহ আড়াইশ বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এছাড়া ট্রাফিক বিভাগে কর্মরত রয়েছেন কমপক্ষে ১২শ এজেন্ট। ক্যাপ্টেন পদটি নির্বাহী কর্মকর্তার এবং এই পদ থেকেই নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার, বিভাগীয় প্রধান ও অন্যান্য পদে নিয়োগ দেওয়া হয়।
ইত্তেফাক/এমআর
