প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে সিলেটের বিয়ানীবাজারের ১৮ বছরের এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। অভিযুক্ত নাজিম উদ্দিন (২৩) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে কিশোরীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহতের বাড়ি বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে। অভিযুক্ত নাজিম উদ্দিনের বাড়ি মৌলভীবাজারের বড়লেখার নিজ-বাহাদুরপুর এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন ওই যুবতীর বাড়িতে দিনমজুরের কাজ করতো। এ সময় টেলিভিশন দেখতে থাকা ওই কিশোরীর পেছন থেকে ঝাপটে ধরে বটি দা দিয়ে গলায় আঘাত করে নাজিম। ঘটনাস্থলে কিশোরীর মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যায় নিজাম।
ইউপি সদস্য আবুল কালাম খান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কিশোরীকে শিশুকালে থেকে লালন-পালন করেন এলাকার সামসুল হক চৌধুরী। ছেলের পক্ষ থেকে একতরফা প্রেম নিবেদন করার গুঞ্জণ রয়েছে। তা প্রত্যাখ্যান হওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় সে।
বিয়ানীবাজার থানার অফিসার ওসি হিল্লোল রায় জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এসজেড
