তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নে বিশ্বস্বীকৃতি পেয়েছে, তখন আবার দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।’ গতকাল বৃহস্পতিবার নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাসের পাতা থেকেও তাকে হত্যার অপচেষ্টা হয়েছে। আজ সেই ষড়যন্ত্রকারীরাই ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে।’
বিশেষ অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘২০০১ সালের নির্বাচনের রাত থেকেই পাঁচ বছর বাংলাদেশের ওপর কী নির্যাতন-নিপীড়ন চলেছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক-ভোটার সবাইকে নির্যাতন করা হয়েছিল, যাতে আমরা ঘুরে দাঁড়াতে না পারি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়িয়েছে।’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, পঁচাত্তরের পরে বিভিন্ন চক্র এ দেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু আজ প্রমাণিত, বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না। আলোচনাসভায় ডিএসসিসির আওতাধীন হাসপাতাল ও মাতৃসদনে গতকাল জন্মগ্রহণকারী ২২ শিশুকে নাগরিক সম্মাননা দেওয়া হয়।
