ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা’য় ইসরায়েলের জবাব চেয়েছেন আদালত

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২২:৩৫

দখলকৃত পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগের তদন্তের প্রেক্ষিতে ইসরায়েলকে জবাব দিতে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর জন্য তাদেরকে এক মাস সময় দেয়া হয়েছে।

আজ শুক্রবার (১৯ মার্চ) চ্যানেল১৩ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। চিঠিটি গত সপ্তাহের শেষ দিকে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছায়।

চ্যানেল১৩ জানিয়েছে, ইতিমধ্যে ইসরায়েলের জাতীয় সুরক্ষা কাউন্সিল নিজেদের প্রতিক্রিয়া জানানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। এক্ষেত্রে সরকারের হাতে ৩০ দিন সময় রয়েছে। এর মধ্যে জবাব দিতে হবে।

দেড় পৃষ্ঠার ওই চিঠিতে তদন্তটি মূলত যে তিনটি এলাকায় করতে হবে তার সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। সেগুলো হলো- ২০১৪ সালে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক আক্রমণ, অঞ্চলটিতে ইসরায়েলের আবাসন নীতি এবং ২০১৮ সালের গ্রেট মার্চ অফ রিটার্ন প্রতিবাদ।

গাজা উপত্যকা এবং ইসরায়েলের মধ্যকার নামমাত্র সীমান্তে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে চরমভাবে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সেই হামলায় ৪৬ জন শিশুসহ কমপক্ষে ২১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ৮ হাজার ৮০০ শিশুসহ প্রায় ৩৬ হাজার ১০০ জন আহত হন। হতাহতের তালিকায় চিকিৎসক ও সাংবাদিকরাও ছিলেন।

ইত্তেফাক/টিএ