ইন্দোনেশিয়ার ৬২ জন যাত্রীসহ একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্তের ঘটনায় অবশেষে ককপিট ভয়েস রেকর্ডার পাওয়া গেছে। এর মধ্য দিয়ে জানা যাবে, গত জানুয়ারিতে ফ্লাইট এসজে ১৮২ রাজধানী জাকার্তার কাছাকাছি জাভা সাগরে বিধ্বস্ত হওয়ার সময় পাইলটরা নিজেদের মধ্যে কী কথা বলেছিলেন।
বুধবার (৩১ মার্চ) ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী শ্রীভিজায়া এয়ারের বিমানটির ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) উদ্ধার করা সম্ভব হয়েছে। রেকর্ডারটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারীদের জন্য বড় ধরনের কোনো সংকেত খুঁজে দিতে পারে।
ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন সুরক্ষা কমিটির (কেএনকেটি) প্রধান সেরজান্টো তজাহজনো বলেন, গত রাতে (মঙ্গলবার রাত) সিভিআরটি পাওয়া গেছে। এটি থেকে তথ্য উদ্ধার করতে তিন দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এরপরে প্রতিলিপি করা এবং ফ্লাইট ডেটা রেকর্ডারের (এফডিআর) সাথে মিলিয়ে দেখা হবে। সিভিআর ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা কঠিন হয়ে যাবে।
এর আগে গত ৯ জানুয়ারি শ্রীভিজায়া এয়ারের বিমানটি রাজধানী জাকার্তার বিমানবন্দর ত্যাগের পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের মাত্র চার মিনিটের মাথায় এটি বিধ্বস্ত হয়ে সমুদ্রেরে পানিতে তলিয়ে যায়। বিমানটিতে থাকা ৬২ জনের সবাই নিহত হন।
এর কয়েকদিন পরই সমুদ্র থেকে বিমানটির সিভিআরের আবরণ ও বীকন উদ্ধার করেন ডুবুরিরা। কিন্তু এটি থেকে মেমোরী ইউনিট শনাক্ত করতে মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত সময় লেগে যায় সংশ্লিষ্টদের।
ইত্তেফাক/টিএ
