আইনজীবীদের সঙ্গে সরাসরি সাক্ষাতের আবেদন সু চি’র

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০১:৫৯

মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চি তার আইনজীবীর সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেওয়া এক শুনানিতে এই আবেদন করেন সু চি। সোমবার (১২ এপ্রিল) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানে সু চি’কে আটক করে বন্দি করা হয়। তার বিরুদ্ধে সামরিক জান্তার আনা অভিযোগে তাকে অনেক বছর আটক থাকতে হতে পারে। আটক করার পর তার বিরুদ্ধে ঔপনিবেশিক সময়ের গোপনীয়তার আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আনা হয়।  দোষী সাব্যস্ত হলে সু চি’র ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

তাকে শুধুমাত্র নিরাপত্তাবাহিনীর উপস্থিতিতে নিজ আইনজীবীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ করার সুযোগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত নিজের আইনজীবীদের সঙ্গে একান্তে সরাসরি সাক্ষাত করার সুযোগ পাননি সু চি। তার আইনজীবী মিন মিন সো রয়টার্সকে জানান, চলতি জান্তাবিরোধী বিক্ষোভ এবং তাতে ৭০০ মানুষের প্রাণহানি- এসব কোন বিষয়েই সু চি'র সঙ্গে তাকে আলাপ করার দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তার আগামী শুনানির তারিখ ২৬ এপ্রিল।

ইত্তেফাক/এসএ