তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, গ্রেফতার হওয়া হেফাজতনেতা মামুনুল হকের কর্মকাণ্ড দেশ, সমাজ ও ধর্মের জন্য হুমকিস্বরূপ। গতকাল মিন্টো রোডে সরকারি বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মামুনুল হকের গ্রেফতার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘মামুনুল হক সাম্প্রতিক সময়ে যে সব কর্মকাণ্ড করেছে এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবে যেভাবে নেতৃত্ব দিয়েছে, সেগুলো দেশ, সমাজ, রাষ্ট্র এবং ইসলামের জন্য হুমকিস্বরূপ। আবার, মহানবি হজরত (স.) কীভাবে ঠোঁট নাড়াতেন সেটিও মামুনুল হক অভিনয় করে দেখিয়েছেন অর্থাত্ রসুল (সা)-কে ব্যঙ্গ করেছেন। এ অধিকার তাকে কে দিয়েছে! এটা যদি অন্য কেউ করত, তাকে মামুনুল হক আর তার বশংবদ হেফাজতের নেতারা কী করতেন!’ শুধু তাই নয়, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মাওলানা আহমদ শফীর মতো শতবর্ষী নেতাকে অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার অক্সিজেন টিউব খুলে নেওয়াসহ নানাভাবে হেনস্তা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, যেগুলোকে ডাক্তাররা তার মৃত্যুর কারণ বলেছেন—এ সব কিছুর নির্দেশদাতা হচ্ছেন মামুনুল হকরা। কয়েকজন মতলববাজ হুজুরের কাছে ইসলাম ধর্ম লিজ দেওয়া হয়নি।
