ফলের ঝুড়িতে ফেন্সিডিল, সাভারে ৬ মাদক বিক্রেতা গ্রেফতার

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৯:৪৯

সাভারের গেন্ডা ও আশুলিয়ার কুমকুমারি এলাকায় অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা ও হেরোইন উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে এবং বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। 

র‌্যাব-৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সাভারের গেন্ডা ফল বাজারের মা-বাবার দোয়া বাণিজ্যালয়ে অভিযান চালানো হয়। এসময় পেয়ারার ঝুড়িতে বিশেষ ভাবে লুকানো অবস্থায় থাকা ৪৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় হানিফ মিয়া (৪০), শরিফ (২৭) ও তাইজুল ইসলাম (২২) নামে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিলসহ অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ফলের ব্যবসার আড়ালে অভিনব পন্থায় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে আশুলিয়ার কুমকুমারী এলাকার আজিজের বাড়িতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬৩ হাজার ৯০০ টাকা মূল্যের ২১৩ পিস ইয়াবা ও ৫ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা মূল্যের ২৭৮৮ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম বড় বেউলা ইউনিয়নের দরবেশকাটা গ্রামের মৃত আকবরের ছেলে মো. মিনারুল (৫৩), একই থানার ইলিসিয়া উখখালি গ্রামের মৃত আমিরের ছেলে মো. সোহেল (৩৭) ও আশুলিয়ার থানার নয়ারহাট পূর্ব ধনিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫)। এদের মধ্যে মিনারুল ও সোহেল আশুলিয়ার কুমকুমারী এলাকায় আজিজের বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কুমকুমারী এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা দৌড়ে পালানোর চেষ্টা করলে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক এনে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম