নেহেরু-গান্ধীর পরিবারের কারণেই ভারত বেঁচে আছে: বিজেপিকে শিবসেনা

আপডেট : ০৮ মে ২০২১, ১৭:২৯

ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ব্যর্থতার দায়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছে কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা। বলেছে, সাবেক প্রধানমন্ত্রী জওহারলাল নেহেরু ও তার পরিবার যে সিস্টেম রেখে গেছে সেটার কারণেই ভাইরাসটির বিরুদ্ধে দেশ এখনো লড়াই করে যাচ্ছে। যেখানে এখন পর্যন্ত বিজেপির কোনো অবদান নেই। আজ শনিবার (৮ মে) এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ শিবসেনা বলেছে, যখন প্রতিবেশি ছোট্ট দেশগুলো করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সহায়তার প্রস্তাব দিচ্ছে তখন দিল্লিতে কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধ করতে চাচ্ছে না মোদি সরকার।

সাবেক প্রধানমন্ত্রী জওহারলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং বিগত ৭০ বছর ধরে যে সিস্টেম রেখে গেছেন সেটার কারণ ও সহায়তায় ভাইরাসটির বিরুদ্ধে দেশ আজ লড়াই করে যাচ্ছে, শিবসেনার মুখপত্র 'সামানা' পত্রিকায় একটি সম্পাদকীয়তে এ কথা বলা হয়েছে।

সেখানে আরো বলা হয়েছে, ভারতে যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা বিশ্বের জন্য হুমকি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। অসংখ্য দেশ ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সহায়তা করতে চাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে ১০ হাজার রিমডেসিভির ও ভুটান থেকে মেডিক্যাল অক্সিজেন পাঠানো হয়েছে। এ ছাড়া নেপাল, মিয়ানমার ও শ্রীলঙ্কাও সহায়তার প্রস্তাব দিয়েছে।

এটা স্পষ্ট যে, নেহেরু-গান্ধীর তৈরি করে যাওয়া ব্যবস্থার কারণেই ভারত এখনো বেঁচে আছে। কিছু গরীব রাষ্ট্র পর্যন্ত সহায়তার প্রস্তাব দিয়েছে। ইতিপূর্বে, পাকিস্তান, রুয়ান্ডা ও কঙ্গোর মতো দেশ অন্যদের কাছ থেকে সহায়তা নিতো। কিন্তু বর্তমান সরকারের ভুল নীতির কারণে ভারতকে এই অবস্থার মোকাবিলা করতে হচ্ছে, সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।

এদিকে, ভারতে সব রেকর্ড ভেঙে দিচ্ছে করোনা। এবার প্রথমবারের মতো একদিনে চার হাজার মৃত্যু দেখলো দেশটি। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন চার হাজার ১৮৭ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে চার লাখ এক হাজার।

ইত্তেফাক/টিএ