নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্স ও উল্টো পথে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার সোনারগাঁওয়ের কাঁচপুর নয়াবড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন-কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ির জানু মোল্লার ছেলে মো. হুমায়ুন ও একই এলাকার আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন।
দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি (তদন্ত) শকিফুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শফিকুল ইসলাম জানান, পণ্যবাহী ট্রাকটি রহিম স্টিল মিলের সামনে ইউটার্ন থেকে উল্টোপথে মদনপুরের দিকে যেতে থাকে। একপর্যায়ে নয়াবড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোগীর সঙ্গে আসা একজন নিহত হন। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এতে আহত হন রোগীসহ অন্তত তিনজন।
কাঁচপুর হাইওয়ে থানার পুলিশের বরাত দিয়ে তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএএম
