রাজধানীর খিলগাঁওয়ে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা এলএসডিসহ পাঁচ জনকে গতকাল রবিবার গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। তাদের খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। লাইসার্জিক অ্যাসিড ডায়া থিলামাইড মাদক মহলে এলএসডি নামে পরিচিত। এটা জিহ্বার নিচে নিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে সেবন করা হয়। এলএসডি গ্রহণে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রম তৈরি করে। আশপাশের বাস্তবতা অনুভব হয় ভিন্নভাবে। বাংলাদেশে তুলনামূলকভাবে কম পরিচিত এ মাদক কীভাবে আসছে, এর ব্যবহার কতটা ছড়িয়েছে, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে তত্পরতার মধ্যে আরো পাঁচ জনকে গ্রেফতারের খবর এলো।
এর আগে এলএসডি জব্দের ঘটনায় করা মামলায় গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী সাদমান সাকিব রূপল, আসহাব ওয়াদুদ তূর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আদিন আশরাফ। ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালতে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত ২৬ মে রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই তিন শিক্ষার্থীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এই তিন জনের কাছ থেকে ২০০টি এলএসডির ব্লট জব্দ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে ভয়াবহ মাদক এলএসডির সন্ধান পেয়েছে বলে গত ২৭ মে ডিবি পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানায়। দেশে এলএসডি জব্দের ঘটনা সেটাই প্রথম বলে জানিয়েছিল ডিবি।
