আর্থিক খাত সংস্কারে পাঁচ আইন সংশোধনের উদ্যোগ

আপডেট : ০৩ জুন ২০২১, ২২:০৮

দেশের আর্থিক খাত সংস্কারে পাঁচটি আইন সংশোধন ও যুগোপযোগী করার উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। গতকাল প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি উল্লেখ করেন, আর্থিক খাত সংস্কারে যেসব আইন সংশোধন ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, পেমেন্ট সিস্টেম আইন, অস্থাবর সম্পত্তি জামানত আইন, দেউলিয়া (সংশোধন) আইন এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইন। অর্থমন্ত্রী উল্লেখ করেন, আগামীতে আমরা অর্থনীতির কাঠামোগত রূপান্তর ত্বরান্বিতকরণের ওপর জোর দেব। সে লক্ষ্যে সরকার কিছু কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে। এগুলোর মধ্যে রয়েছে, কৃষিকাজ যান্ত্রিকীকরণ, অ্যাগ্রো-প্রসেসিং শিল্প স্থাপন, কর্মীর দক্ষতা উন্নয়ন ও উত্পাদনশীলতা বৃদ্ধি, চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কিত প্রশিক্ষণ ও শিক্ষা সম্প্রসারণ, অনলাইন ভিত্তিক আউটসোর্সিং কাজ, স্বকর্মসংস্থান/নতুন উদ্যোক্তা সৃজন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে মৌলিক ও প্রায়োগিক গবেষণা কার্যক্রম।