বিএসএফের গুলিতে পাটগ্রাম সীমান্তে যুবক নিহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৮

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্তে বাংলাদেশী গরু পারপারকারী যুবক আসাদুল হক (২৫) নিহত হয়েছে। 

এলাকাবাসী জানায়, শনিবার ভোরে সীমান্তের ৮০২ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব পিলারের ডাঙ্গাটারী সীমান্তের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশী গরু পারাপারকারীর ১০/১৫ জনের একটি দল গরু পারাপার করতে থাকে। এ সময় ভারতীয় ১৪৩ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ন নিউ কুচলীবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুঁড়লে বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মতিয়ার রহমান কদমার ছেলে আসাদুল হক ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বিএসএফ নিহতের লাশ টেনে হেঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বাউরা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মোজাম্মেল হক জানান, ‘নবীনগর গ্রামের মতিয়ার রহমান কদমার ছেলে আসাদুল হক বিএসএফের গুলিতে মারা গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’
 
বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। লাশ ভারতে রয়েছে।’  

আরও পড়ুনঃ রিয়াদে বাংলা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষা শুরু

এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশ রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান বাংলাদেশী গরু পারাপারকারী নিহতের ঘটনা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় ওই সীমান্তের নিকটবর্তী স্থানে বিকেলে বিজিবি- বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। নিহতের ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। লাশ ময়না তদন্তের পর রবিবার ফেরত প্রদান করবে বিএসএফ।’

ইত্তেফাক/নূহু