ভারতবাসীর পরিচয় কেবল তিনি একজন ভারতীয় বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। গতকাল রবিবার (৪ জুলাই) মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।
হিন্দু মুসলিম ঐক্যই প্রধান মন্তব্য করে আরএসএস প্রধান বলেন, অনেকেই গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন। এই লোকগুলো হিন্দুত্বের বিরোধী। ভারতে হিন্দু- মুসলমান একই উৎস থেকে এসেছে।
সাম্প্রদায়িক ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির কথা নয়। ভোটের জন্যও যে এসব কথা বলছি ব্যাপারটা তা নয়। যারা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করছেন তারা হিন্দুত্ব থেকে বিচ্যুত হচ্ছেন।
মুসলিমরা ভারতে বিপদে আছেন বলে বক্তব্য দিয়ে ফাঁদ তৈরি করা হচ্ছে। তাই এতে পা না দেওয়ার জন্য ভারতীয় মুসলিমদের প্রতি আহ্বান জানান মোহন ভাগবত।
সাম্প্রদায়িক ঐক্য ছাড়া কখনোই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, জাতীয়তাবাদের প্রসার ও দেশপ্রেম দরকার। ভারতের পূর্বপুরুষদের যে ঐতিহ্য তা রক্ষা করতে হবে। আর এটাই লক্ষ্য হওয়া উচিত।
ইত্তেফাক/টিএ
