কুবিতে আবাসিক শিক্ষার্থীদের হল ফি মওকুফ 

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৮:০৯

করোনা মহামারির কারণে বন্ধ থাকা সময় পর্যন্ত সকল হলের আবাসিক শিক্ষার্থীদের হল ফি মওকুফ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৫ জুলাই) দুপুরে হল ফি মওকুফের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

রেজিস্ট্রার সূত্রে জানা যায়, একাডেমিক কাউন্সিলের সুপারিশ এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের আবাসিক হল ফি মওকুফ করেছে। এছাড়াও করোনাকালীন সময়ের জন্য স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর বিষয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহেরকে সদস্য সচিব এবং সকল অনুষদের ডিনদের সদস্য করে একটি কমিটি করা হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে কমিটির মাধ্যমে সুপারিশ হলে বিশ্ববিদ্যালয়ের এফসি (অর্থ কমিটি) এবং সিন্ডিকেটে সিদ্ধান্ত গৃহীত হবে।

প্রসঙ্গত, গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নাতকোত্তরের ভর্তি ফি হ্রাস এবং আবাসিক হল ফি মওকুফ করার দাবিতে মানববন্ধন করে এবং উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।

ইত্তেফাক/এমএএম