পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে বিজেপির ঘর ভাঙল তৃণমূল। সেখানে বিজেপির নেতা ও সমর্থকরা পদ্মশিবির ছেড়ে হাতে তুলে নেন ঘাসফুলের পতাকা। পাশাপাশি অন্যান্য দল থেকেও বেশ কিছু নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন। নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল কার্যালয়ে ব্লক সভাপতি স্বদেশ দাসের হাত ধরে কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ-সভাপতি অনিন্দিতা জানা। এছাড়াও সিপিএমের সাবেক নেতা বাদল দুয়ারী যোগ দিয়েছেন তৃণমূলে। খবর আনন্দবাজার পত্রিকার
তৃণমূলের ব্লক সভাপতি স্বদেশ দাসের দাবি, রবিবার নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিজেপি ও অন্য দল থেকে প্রায় ৩৬০ জন নেতা কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। এরপর প্রায় ২ হাজার বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিতে পারেন। ধাপে ধাপে প্রতিটি পঞ্চায়েত এলাকায় যোগদান পর্ব করা হবে বলে জানিয়েছেন তিনি।
তৃণমূলে যোগ দিয়ে সাবেক বিজেপি নেত্রী অনিন্দিতা জানা বলেন, এক সময় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেই বিরোধিতা করেছিলাম। কিন্তু এখন তৃণমূল অনেক স্বচ্ছ। ইয়সের ত্রাণ বিলিসহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রাখতে সর্বদা তৎপর। তাই তৃণমূলে যোগ দিলাম। যদিও এই দলবদলের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি করেছেন নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল। তার দাবি, পুলিশের ভয় দেখিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। তার আরও দাবি, নন্দীগ্রামে বিজেপি খুব ভাল জায়গায় রয়েছে। এখানে বিজেপি যে কোনও দলকে বিপুল ভোটে হারাতে সক্ষম।
ইত্তেফাক/এসএ
