চলে গেলেন কাউখালীর জেপি নেতা মাহবুবুর রহমান খান

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:১৬

পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টির( জেপি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মঙ্গলবার (৬ জুলাই) রাত ২টায় কলেজপাড়াস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ তিনি অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। আজ সকাল ১১টায় কাউখালী উপজেলা ঈদগাহ মাঠে এবং পরে শাহাপুরা গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে তাকে।

মাহবুবুর রহমান খান ১৯৯৬ সাল থেকে কাউখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (আবুল কালাম আজাদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা কমিটির সভাপতি এবং কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। কাউখালীর নাগরিক অধিকার আন্দোলন ও সকল দাবি আদয়ে রাজপথের নেতা ছিলেন মাহবুবুর রহমান খান। 

জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সভা আজ

কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান এর মৃত্যুতে জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এম.পি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক ও পিরোজপুর-২ আসনের  সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন গভীর শোক  প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

এ ছাড়া মরহুমের আত্মার শান্তি কামনা করে পৃথকভাবে শোক প্রকাশ করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিঞা মনু, সাধারণ সম্পাদক শাহ আলম নসুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক .শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইত্তেফাক/জেডএইচডি