আর্জেন্টিনার পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৮:৪১

গাইবান্ধার সাদুল্লাপুরে বুধবার দুপুরে আর্জেন্টিনার পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম স্বপন মণ্ডল (৩৫)। নিজ বাড়ির ছাদে প্রিয় দলের পতাকা উত্তোলন করতে গিয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলাবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

No description available.

জামালপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান মণ্ডল জানান, আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত স্বপন মণ্ডল ঐ দিন অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে কোপা আমেরিকা ফুটবলের সেমি ফাইনাল খেলা টেলিভিশনে দেখে। খেলায় আর্জেন্টিনা দল জয়লাভ করার আনন্দে দুপুরে নিজ বাড়ির ঘরের ছাদে উঠে আর্জেন্টিনার পতাকা উত্তোলন করছিল। এ সময় তার ঘরের পাশ দিয়ে চলে যাওয়া বিদ্যুৎ সরবরাহের ১১ হাজার ভোল্ট তারের সঙ্গে পতাকার লোহার পাইপটি লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

ইত্তেফাক/এমআর