গুয়াইদোকে ইউরোপের সমর্থন, রাশিয়ার নিন্দা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৪

এবার ভেনিজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে হুয়ান গুয়াইদো’র প্রতি সমর্থন জানালো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেনসহ ইউরোপের ১০টি দেশ। প্রেসিডেন্ট মাদুরো নতুন করে নির্বাচন দিতে ইউরোপীয় ইউনিয়নের বেধে দেয়া আল্টিমেটাম প্রত্যাখ্যান করার পর এ সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ। বিবিসি। 

তবে ইউরোপীয় ইউনিয়নের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির মুখপাত্র বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্প যেকোন মূল্যে ভেনিজুয়েলায় ক্ষমতার পালাবদল চান, তিনি সামরিক হস্তক্ষেপের কথাও উচ্চারণ করেছেন। যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

এর আগে ইইউ’র নির্বাচন দেয়ার আহ্বান প্রত্যাখান করেন মাদুরো। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ট্রাম্প বেশি বাড়াবাড়ি করলে তাকে রক্তাক্ত হয়ে হোয়াইট হাউস ছাড়তে হবে।’

মাদুরো ও গুয়াইদো উভয়েই নিজেকে ভেনিজুয়েলার বৈধ শাসক বলে দাবি করছেন। তাদের এই দাবির পক্ষে সামরিক নেতা, রাজনৈতিক নেতা, বিক্ষোভকারী ও বিদেশি সরকারও জড়িয়ে পড়েছে। ফলে গোটা শাসনব্যবস্থা ভেঙে পড়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বিদেশি শক্তিগুলো পরস্পরবিরোধী অবস্থান নেয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ বিনা দোষে আটক জাহালম মুক্তি পেলেন

চরম অর্থনৈতিক সংকটের কারণে ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গত মাসে। এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। জনগণের বিপুল সংখ্যক অংশ তাকে সমর্থন দিয়েছেন। সেই সাথে খুব দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকান কয়েকটি দেশেরও সমর্থন লাভ করেন তিনি। কিন্তু সেনাবাহিনী এখনো সঙ্গে থাকায় মাদুরো নিজেকে চেয়ার ধরে রাখতে সমর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইইউ বিপক্ষে গেলেও চীন ও রাশিয়াও মাদুরোর পক্ষে।

ইত্তেফাক/টিএস