ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের এমপি জন বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়াকে পশ্চিমবঙ্গ ভাগের ছক হিসেবেই দেখতে চায় তৃণমূল কংগ্রেস। বিজেপি বার্লাকে মন্ত্রী করায় দল যে কড়া অবস্থান নিতে চলেছে তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপি একটি অদ্ভুত রাজনৈতিক দল। তারা এমন একজনকে উত্তরবঙ্গ থেকে মন্ত্রী করলেন যিনি পশ্চিমবঙ্গ ভাগ করতে চান।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন জন বার্লা। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে তাকে। গত জুনে আলিপুরদুয়ারের এমপি বার্লা বলেছিলেন, দক্ষিণবঙ্গ সব সময় উত্তরবঙ্গকে অবহেলা করেছে। এখানকার রাজস্ব দক্ষিণবঙ্গে চলে গেছে। উত্তরবঙ্গের মানুষ এর কোনো সুফলই পান না। সেই কারণেই আমি উত্তরবঙ্গের পৃথক রাজ্যের মর্যাদা চাইছি। আমার বিশ্বাস, তা হলেই এখানকার মানুষ খুশি হবে এবং প্রকৃত উন্নয়ন হবে। সংসদের অধিবেশন শুরু হলেই আমি এই দাবি জানাব। তার এমন মন্তব্যের পর রাজ্য জুড়ে প্রতিবাদে নামে তৃণমূল। জন বার্লার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়।
সেই এমপিকে কেন্দ্রীয় মন্ত্রী করার প্রতিবাদে এবার সরব হতে চাইছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। তাকে মন্ত্রী করা পশ্চিমবঙ্গ ভাগের ধারণা উসকে দেওয়ার ‘পুরস্কার’ এই অভিযোগ তুলে জোরালো প্রচারণায় নামতে চাইছে দলটি। রাজ্যের সাবেক মন্ত্রী গৌতম দেব বলছেন, আমরা জন বার্লার মতো বিচ্ছিন্নতাবাদীকে প্রশ্রয় বা গুরুত্ব কোনোটাই দিতে চাই না। কিন্তু বিজেপি যে উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ ভাগের উসকানি দিতে চাইছে, তার বিরুদ্ধে আমরা সরব হব। বিজেপি পরাজিত হওয়ার পর যে বিভাজনের রাজনীতি উসকে দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে।
আলিপুরদুয়ারের সাবেক তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার জন্য বিজেপি নতুন উকিল ঠিক করেছে। তিনি জন বার্লা। পশ্চিমবঙ্গকে ভাগ করার উসকানি দেওয়ার জন্য তাকে পুরস্কার দিয়েছে বিজেপি। বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেওয়ার জন্য শুধু প্রতিমন্ত্রী করা হয়েছে তাকে। আমরা তার মুখোশ খুলে দেব। পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। একথাও আমরা উত্তরবঙ্গের মানুষের সামনে তুলে ধরব।
শুধু জনকে মন্ত্রী করা নিয়েই নয়, তৃণমূল যে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই রদবদল নিয়েও ধারাবাহিক আক্রমণ চালাবে তৃণমূল। দলটির মুখপাত্র কুণাল ঘোষ বৃহস্পতিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘পূর্ণ মন্ত্রী নন, পশ্চিমবঙ্গ থেকে চার প্রতিমন্ত্রী। তাদের মন্ত্রিত্বের শুভেচ্ছা। কিন্তু দামি মানিব্যাগে রাখলেই অচল পয়সা কি সচল হয়? বাবুল, দেবশ্রী পশ্চিমবঙ্গকে কী দিয়েছেন, হিসেবটা চান। বুঝবেন নতুনদের এই সান্ত্বনা পুরস্কারের দাম কতটুকু। ভোটের যে অঙ্কে এই খেলা, সে অঙ্ক মিলবে না।
