কামরাঙ্গীরচরে ব্যাটারি চার্জার বিস্ফোরণে দগ্ধদের দুই জনের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২১, ২৩:০০

ইত্তেফাক রিপোর্ট

কামরাঙ্গীরচরে একটি বাসায় অটোরিকশার চার্জার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ পাঁচ জনের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন—আব্দুল মতিন ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে আব্দুল মতিন এবং তার স্ত্রী ইয়াসমিন আক্তার মারা যান শুক্রবার রাতে। তাদের দুই সন্তান ও ময়নার ভাগনে আবুল খায়েরের অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃত দুই জনের মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় শুক্রবার ভোরের দিকে অটোরিকশার চার্জার বিস্ফোরণে আহত হন ইজিবাইক চালক মতিন, তার স্ত্রী ইয়াসমিন, দুই মেয়ে আয়শা ও মায়শা এবং ময়নার ভাগনে আবুল খায়ের রায়হান। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর গ্রামে। পাঁচ জনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।