কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপা জেতার উল্লাসে কোমল পানীয় সেভেন আপ বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আর্জেন্টিনা সমর্থকরা। রবিবার (১১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কসহ কয়েকটি স্থানে সেভেন আপ বিতরণ করেন তারা।
এ বিষয়ে আর্জেন্টিনা দলের সমর্থক ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মাহবুব আলম বলেন, ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই ব্রাজিল সাপোর্টাররা নিজেদের চ্যাম্পিয়ন ভাবা শুরু করছিল। এমনকি কেউ কেউ ৪-০ গোলে জিতবে বলেও ঘোষণা দিয়েছিল। তাদের এখনকার অবস্থাটা আমরা বুঝি। তাদের এই নাজুক অবস্থায় আমরা ঠাণ্ডা সেভেন আপ বিতরণ করে সম্প্রীতির পরিচয় দিয়েছি। আমরা আনন্দ ভাগাভাগি করে নিয়েছি।
আরেক সমর্থক সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিব জামান বলেন, করোনার বিধিনিষেধের কারণে আমরা আনন্দ মিছিল বের করতে পারিনি। তাই আমরা স্বাস্থ্যবিধি মেনে ঠাণ্ডা সেভেন আপ বিতরণ করে ব্রাজিল ফ্যানদেরকে ঠাণ্ডা রাখতে এই উদ্যোগ নিয়েছি। যদি বিধিনিষেধ না থাকতো তাহলে আনন্দ মিছিলের স্লোগানে জাবির আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যেত।

তবে সেভেন আপ বিতরণ নিয়ে মন্তব্য জানতে চাইলে একাধিক ব্রাজিল সমর্থক এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৭-১ গোলে জয় পায় জার্মানি। তবে এটা নিয়ে জার্মান সমর্থকদের উল্লাস না থাকলেও আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসের অন্ত নেই। এখানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি টাইপের একটা অবস্থা।
কোপা আমেরিকার ফাইনালে আনহেল দি মারিয়ার করা একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপা জিতল আর্জেন্টিনা। মেসিও পেলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা।
ইত্তেফাক/জেডএইচডি
