স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
৩৩ বছরের পুরনো ঐতিহ্যবাহী ড্রেজার জুনিয়র হাইস্কুলটি অবশেষে খুলে দেওয়া হয়েছে। সোমবার ৪ ফেব্রুয়ারি সকালে স্থানীয় এমপি সেলিম ওসমানের নির্দেশে ড্রেজারের কর্মচারীরা শিক্ষকদের উপস্থিতিতে স্কুলের তালা ভেঙে দেয়। প্রথম দিনেই বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসরুমে গিয়ে হাজির হয়। তারা সকলেই ছিল আনন্দে উচ্ছ্বসিত। স্কুল খোলায় শিক্ষক ও শিক্ষিকারাও যেন প্রাণ ফিরে পান।
গতকাল সকালে স্কুলটি খুলে ক্লাস চালুর জন্য স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার মালাকে নির্দেশ দেন সংসদ সদস্য সেলিম ওসমান। স্কুলের তালা ভাঙার পর শিক্ষার্থীদের নিয়ে ওড়ানো হয় বাংলাদেশের পতাকা। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। সেইসঙ্গে সেলিম ওসমান ঘোষণা দেন ড্রেজার কর্তৃপক্ষ যদি খরচ চালাতে না চায় তাহলে নারায়ণগঞ্জের মানুষই স্কুলের সাড়ে ৩শ’ শিশুর লেখাপড়ার জন্য দায়িত্ব নেবেন।
উল্লেখ্য, মাসে মাত্র দেড় লাখ টাকা খরচ কমাতে সম্প্রতি ড্রেজার জুনিয়র হাইস্কুলটি বন্ধ করে দেয় নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ড্রেজার পরিদপ্তর। সম্প্রতি স্কুলটির সকল শ্রেণিকক্ষে তালাও লাগানো হয়।
