নাঙ্গলকোটে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা তত্পর, সাড়া নেই বিএনপির

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২০

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। তবে এখানে বিএনপির কোনো সাড়া নেই বললে চলে। এবার দলীয় মনোনয়নে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিধায় আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে দলীয় হাই কমান্ডে দৌড়ঝাঁপ ও লবিং শুরু করেছেন। পাশাপাশি প্রার্থীরা স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে শক্তিশালী বলয় গড়ে তুলছেন। চেয়ারম্যান পদে প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরাও রয়েছেন তত্পর। যেহেতু এই উপজেলাটি অর্থমন্ত্রী আ,হ,ম মুস্তফা কামাল লোটাস এমপির নির্বাচনী এলাকা। সেহেতু এখানকার প্রার্থী নির্বাচন অনেক গুরুত্ব রয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় তাদের পছন্দের প্রার্থীদের সমর্থনে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন স্থান ও হাট-বাজারের চায়ের দোকানে প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এদিকে এ উপজেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলেও এখানে বিএনপি থেকে কে প্রার্থী হচ্ছেন তা জানা যায়নি। আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন— বর্তমান উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক রফিকুল হোসেন চেয়ারম্যান, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউসুফ, প্রয়াত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন হুঁইয়ার ভাতিজা ও জামাতা নাজমুল হাসান বাছির ভুঁইয়া চেয়ারম্যান, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান মজুমদার। ভাইস চেয়ারম্যান হিসাবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি শাহ খোরশেদ আলম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কুলছুম আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী ছালেহা আক্তার পলি।