ভারতের হিমাচল প্রদেশের কিন্নারে ভূমিধসে এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ আছেন অন্তত ২৫-৩০ জন। বুধবার (১১ আগস্ট) এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, হুড়মুড় করে ভেঙে পড়ে পাহাড়। চাপা পড়লো বাসযাত্রীরা। অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। ধসে আটকে পড়েছে বহু গাড়ি। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় মানুষও।
সংবাদসংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গেছে, বুধবার কিন্নারের রেকং পিও-সিমলা হাইওয়েতে দুপুর ১২টা ৪৫ নাগাদ হঠাৎই ধস নামে। রেকং পেও-শিমলা হাইওয়ের ভাব নগর থানা এলাকায় ধস নামার ঘটনাটি ঘটে। পাহাড় থেকে ভেঙে পড়ে বড় বড় পাথরের টুকরো।
সেই সময় ওই পথ ধরে যাচ্ছিল হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি। পাথরের ধাক্কায় বাস থেকে চালক ছিটকে পড়ে যান। বাসে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। আর তার তলায় চাপা পড়ে যায় একটি লরি, একটি বাস এবং বেশ কয়েকটি গাড়ি। তবে পাহাড় থেকে ক্রমাগত পাথর গড়িয়ে পড়ায় উদ্ধারকার্য ব্যাহত হচ্ছিল।
কিন্নার জেলার পুলিশ সুপার ও জেলাশাসক ঘটনাস্থানে যান। পুলিশ সুপারও ধস নামার বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং জানিয়েছেন যে সেনাবাহিনী, আইটিবিপি, পুলিশ ও হোমগার্ডরা ঘটনাস্থলে গিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সাহায্য চাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনকেও উদ্ধারকার্য চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/টিএ
