টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনী

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৮:৪৩

নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ার আইকনিক বিলবোর্ডে ১৫ আগস্ট প্রদর্শিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শভিত্তিক ছবি। এই উদ্যোগের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম। 

ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও কর্ম টাইমস স্কয়ার বিলবোর্ডে প্রদর্শনের এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা এবং প্রচার সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ।

আয়োজকরা নিশ্চিত করেছেন যে, টাইমস স্কয়ারে প্রদর্শনীটি চলাকালে ১৫ আগস্টের মধ্যরাত থেকে ২৪ ঘণ্টাব্যাপী প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড মোট ৭২০ বার আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। রাষ্ট্রদূত সহিদুল ইসলাম ফাহিমকে তার উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ঐতিহাসিক এই অনুষ্ঠানের অংশ হতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রদূত বলেন, এই ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এই বিশাল প্রজেক্ট ফাহিম ফিরোজ তার নিজস্ব অর্থায়নে শুরু করলেও পরে বেশ কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী এই খরচ মেটাতে এগিয়ে এসেছেন। 

No description available.

এনওয়াই ড্রিমসের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ অনুষ্ঠানটিতে প্রদর্শিতব্য কন্টেন্ট চূড়ান্ত করতে এবং অন্যান্য সকল ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 
 
ইত্তেফাক/ইউবি