করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মিড টার্ম ও ক্লাস টেস্ট দিয়ে শুরু হবে এ অনলাইন পরীক্ষা।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বলেন, বিভাগগুলো চাইলে মিড টার্ম ও ক্লাস টেস্টের মাধ্যমে অনলাইনে পরীক্ষা শুরু করতে পারবে। এছাড়া অর্ডিন্যান্সে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার নীতিমালা আছে। অনলাইনে পরীক্ষা নিতে অনুষদের ডিনবৃন্দ বিভাগীয় চেয়ারম্যানদের সাথে বসে অনুষদ অনুযায়ী এক সপ্তাহের মধ্যে একটি নীতিমালা তৈরি করবে। আগামী ১০ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত পরীক্ষা শুরু করবে।
স্ব-শরীরে পরীক্ষা নেওয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, স্ব-শরীরে পরীক্ষা নেওয়ার পরিবেশ এখনো তৈরি হয়নি। এখনো করোনার সংক্রমণের হার অনেক বেশি। সবার ভ্যাকসিন নেওয়া শেষ হলে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিব।
করোনা সংক্রমণের প্রভাবে গত বছরের ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে গত বছরের ২০ ডিসেম্বর হতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে গত ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে স্ব-শরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন স্থগিত করা হয়।
ইত্তেফাক/আইজে/এসজেড
