চীনে তিন সন্তান নীতির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে এটিকে আইনে পরিণত করলো দেশটি। আজ শুক্রবার (২০ আগস্ট) কেন্দ্রীয় পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বৈঠকে শীর্ষ আইন প্রণেতাদের সম্মতিতে এ আইন পাস হয়। সিনহুয়া নিউজের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। গত শতকের সত্তরের দশকে জন্মহার নিয়ন্ত্রণের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশে এক সন্তান আইন চালু করেছিল তারা। ফলে যদি কোনো দম্পতি এক সন্তানের বেশি নিতো তাহলে তাদের আর্থিক জরিমানাসহ বিভিন্ন হয়রানির মধ্যে পড়তে হতো।

কিন্তু পরবর্তী দেখা যায়, দেশটির জন্মহারে আইনটির ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে বয়স অনুপাতে জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হওয়ার উপক্রম হয়। পাশাপাশি কর্মক্ষম যুবশক্তির পরিমাণ ব্যাপকভাবে কমে যায়।
ফলশ্রুতিতে ২০১৬ সালে আইনটি সংশোধন করে দুই সন্তান নীতি চালু করে চীন সরকার। তবুও কোনো লাভ হয়নি। নিম্নমুখী জন্মহারের রেখাচিত্র ঊর্ধ্বমুখী করা যায়নি। তাই আইনটিতে ফের সংশোধন আনতে বাধ্য হলো তারা।
গত মে মাস থেকেই এই নীতি নিয়ে আলোচনা শুরু হয়। আজ সেটি আইনে পরিণত হলো। এদিন পার্লামেন্ট বৈঠকে সন্তান জন্মদান কালীন মাতৃত্ব ও পিতৃত্ব ছুটি বাড়ানো, চাকরিতে নারীদের অগ্রাধিকার ও শিশুর যত্ন ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
ইত্তেফাক/টিএ
