ডাকাতদলের হামলায় বেরোবির ২ শিক্ষার্থী আহত

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:৩৪

রংপুরের পার্কমোড় সংলগ্ন শামস ভিলা ছাত্রাবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদলের হামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা ও পদার্থ বিজ্ঞান বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হুদা গুরুতর আহত হয়েছেন। তাদের কাছ থেকে দুটি ফোন ছিনতাই করেছে ডাকাতরা। 

ওই মেসের ছাত্ররা জানান, শনিবার (২১ আগস্ট) ভোর ৪টায়  মাসুদ রানা ও নাজমুল হুদার চিৎকার শুনে এসে দেখি তারা আহত অবস্থায় পড়ে আছে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, আহত ছাত্রদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে।

শামস ভিলা ছাত্রাবাসের মালিক শামসুজ্জামান বলেন, মেসে ছাত্র আহত হওয়ার ঘটনা শোনার পর মেসে গিয়ে খোঁজখবর নিয়েছি। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে এজন্য মেস মালিক সমিতির সঙ্গে কথা বলবো।

রংপুর তাজহাট থানা ওসি আখতারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা একজনকে গ্রেফতার করেছি। 

 

ইত্তেফাক/ইউবি