সাহসিকতার সঙ্গে লক্ষ্যে এগিয়ে যেতে হবে: ইঞ্জিনিয়ার আলমগীর

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৮:২৭

তরুণ শিক্ষার্থীদের মেধা,মনন, দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষাদানের মাধ্যমে দেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতে কাজ করছে বাংলাদেশ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স (বিডিএসটিইএম)। সেই লক্ষ্যে আইডিয়া শেয়ারিং এবং প্ল্যানিং বিষয়ক একটি প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি। 

গত ২৩ আগস্ট ভার্চুয়ালি নির্বাচিত ৩৩ টি প্রজেক্ট উপস্থাপন এবং পরিকল্পনা প্রদানকারী দলকে পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও এমডি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, করোনার এমন দুঃসময়ে দেশের ছেলেমেয়েরা দেশের গঠনমূলক কাজে অংশ নিচ্ছে। তাদের মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার মতো চিন্তা করছে এটা দেশের জন্য সবচেয়ে কল্যানকর দিক। জাতির পিতা বঙ্গবন্ধু যে বাংলাদেশকে যে যায়গায় নিতে চেয়েছিলেন আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে তেমন একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে পাবো বলে আশা রাখি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের দলসহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ের দল নির্বাচিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা নিজেদের চিন্তাকে কখনোই সংকুচিত করবেনা। যে যেই স্তরেই থাকো না কেন এখনই লক্ষ্য ঠিক করতে হবে এবং সেদিকে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। এবং নিজেদের পিতামাতা ও দেশের প্রতি প্রেমকে সবসময় ধারণ  করতে হবে।

এ সময় বিডিএসটিইম জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক আল নকীব চৌধুরি বলেন, বিডিএসটিইম উন্নয়নের শিক্ষা, গবেষণা ও স্কিল ডেভেলপমেন্টের কাজ করেছে এবং আগামীতেও করবে। শিক্ষার্থীরা যে প্রজেক্টগুলো দিয়েছে সেগুলো সবগুলোই অত্যন্ত সুন্দর এবং অভিনব।যে শিক্ষার্থীরা আজকে নির্বাচিত হয়েছে দেশ তাদের কাছ থেকে অনেক মূল্যবান কিছু পাবে বলে আমি মনে করি। এবং তারাও দেশের মূল্যবান সম্পদ হয়ে থাকবে।

ওয়েবিনারে ভার্চুয়ালি আরও অংশ নেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড রফিকুল ইসলাম,রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রুয়েট) এর সাবেক উপাচার্য রবিউল ইসলাম বেগ।

দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের ২৩৮ টি দল প্রতিযোগীতায় অংশ নেয়। তারমধ্যে ৩৩টি প্রজেক্টকে নির্বাচন করা হয়েছে। এগুলো পুনরায় মূল্যায়নের মাধ্যমে সেরা তিনটি প্রজেক্ট পরিকল্পনা নির্বাচন করা হবে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা করা হবে ব’লে বিডিএসটিইএম-এর পক্ষ থেকে জানানো হয়।

ইত্তেফাক/জেডএইচডি