কাবুলে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:০২

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রবিবার জঙ্গিগোষ্ঠী আইএসকে এর সন্দেহজনক সদস্যদের লক্ষ্য করে তারা এ হামলা চালায়। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রয়টার্সের বিদেশি প্রতিনিধি ইদ্রিস আলি বলেছেন, তাকে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে, কাবুলে যুক্তরাষ্ট্র সামরিক হামলা অব্যাহত রেখেছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, কাবুল বিমানবন্দরে হামলার উদ্দেশে গাড়িতে করে আত্মঘাতী বোমা নিয়ে যাচ্ছিল আইএসকের সদস্যরা। সেটিকে লক্ষ্য করে ড্রোন থেকে মিসাইল হামলা চালানো হয়েছে।

মার্কিন এক সামরিক কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, টার্গেটের ওপর হামলা চালাতে সক্ষম হয়েছি বলে আমরা আত্মবিশ্বাসী। তবে সেখানে কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি হয়নি।

এপির তথ্যমতে, তালেবানের এক মুখপাত্র জানান, বোমা বহনকারী সন্দেহজনক গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক হামলার বিষয়ে এর বেশি বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এটি এখনো অস্পষ্ট যে, কাবুল বিমানবন্দরের কাছেই একটি আবাসিক ভবনে রকেট হামলার সঙ্গে সামরিক হামলার কোনো সংযোগ রয়েছে কিনা।

এদিকে, কাবুল বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ রবিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। টেলিভিশনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশে কালো ধুয়া উড়ছে।

তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি জানান, বিমানবন্দরের কাছেই একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে।

ইত্তেফাক/টিএ