জাপান প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন সুগা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৪০

পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

সুগার রাজনৈতিক দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেক্যাটিক পার্টির (এলডিপি) সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য দলের নেতা নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র এক বছরের মাথায় তিনি দায়িত্ব ছাড়তে যাচ্ছেন।

গত বছর সেপ্টেম্বরে স্বাস্থ্যজনিত কারণে শিনজো অ্যাবে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হন সুগা। কিন্তু এই বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে বলে জানিয়েছে এক সমীক্ষা।

Yoshihide Suga Becomes Japan's Prime Minister, Pledging To Follow Abe's  Course : NPR

আগামী ২৯ সেপ্টেম্বর এলডিপি’র নেতা নির্বাচন হবে। যিনিই জিতবেন তিনি জাপানের পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। কারণ পার্লামেন্টের নিম্নকক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছ। এছাড়া, আগামী ১৭ অক্টোবর জাপানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মন্ত্রিসভা ও দলে রদবদলের পরিকল্পনা করছিলেন সুগা। কিন্তু এখন সে প্রাসঙ্গিকতা হারিয়েছেন তিনি।

এদিকে, সুগার পর কে হবেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়েও চলছে আলোচনা। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা দলের নেতা হওয়ার দৌড়ে রয়েছেন। 

ইত্তেফাক/টিআর